প্রকাশিত: / বার পড়া হয়েছে
ফেনীর মহিপালে প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে একটি বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে মহিপাল মুসলিম জামে মসজিদের দক্ষিণ পাশে রেহান ম্যানশনের (ইঞ্জিনিয়ার নুরুজ্জামান) দোতলা বাসায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, ডাকাতরা প্রায় ২০ ভরি স্বর্ণালঙ্কার, জরুরি কাগজপত্র ও ব্যাংকের চেকবই নিয়ে গেছে।
ঘটনাস্থল পরিদর্শনকারী ফেনী মডেল থানার সাব-ইন্সপেক্টর ওলি আহাদ জানান, দুর্বৃত্তরা গৃহবধূর মুখ ও হাত-পা বেঁধে বাথরুমে আটকে রাখে। পরে বাসা থেকে স্বর্ণ ও গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে পালিয়ে যায়।
পুলিশের এই কর্মকর্তা জানান, ঘটনাস্থল পরিদর্শনের সময় প্রায় ১০ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে জরুরি কাগজপত্রও খুঁজে পাওয়া যায় এবং সেগুলো ভিকটিমের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সকালে কয়েকজন দুর্বৃত্ত বাসায় প্রবেশ করে গৃহবধূকে জিম্মি করে। পরে বাসার বিভিন্ন কক্ষ তল্লাশি করে স্বর্ণালঙ্কার, গুরুত্বপূর্ণ কাগজপত্র ও ব্যাংকের চেকবই নিয়ে পালিয়ে যায়।
ভুক্তভোগী শাহেনা আক্তার প্রবাসী নুরের জামানের স্ত্রী। নুরের জামান সৌদি আরব থেকে বিমানে আজ দেশে ফিরছেন। তিনি ফেনীতে পৌঁছানোর পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফেনী মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। পুলিশ বাসার আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা করছে।
পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্য-প্রমাণ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। একই সঙ্গে লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ জানায়, ডাকাতির ঘটনায় লুণ্ঠিত সব মালামালের সঠিক হিসাব এখনো পাওয়া যায়নি। ভ ুক্তভোগী এজাহার দায়ের করলে ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দিনের ব্যস্ত সময়ে একটি বাসায় ঢুকে গৃহবধূকে জিম্মি করে ডাকাতির ঘটনায় স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।