প্রকাশিত: / বার পড়া হয়েছে
শরীয়তপুর সদর উপজেলার মনোহর বাজার মোড় এলাকায় আজ ২৩ জুলাই ২০২৬ তারিখে অবৈধ হাইড্রোলিক হর্নের বিরুদ্ধে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
অভিযানটি পরিচালনা করেন শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মেহেদী হাসান পলাশ। পরিবেশ ও শব্দ দূষণ রোধে পরিচালিত এই মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন শরীয়তপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব মোঃ রাসেল নোমান।
অভিযান চলাকালে আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে মোট ০৬টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় সংশ্লিষ্টদের কাছ থেকে সর্বমোট ৭,৫০০/- (সাত হাজার পাঁচশত) টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়েছে। একই সাথে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ০৮টি অবৈধ হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।
কর্তৃপক্ষ জানায়, উচ্চ শব্দ মানুষের শ্রবণশক্তি হ্রাস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ এবং মানসিক উদ্বেগের অন্যতম প্রধান কারণ। বিশেষ করে শিশু ও গর্ভবতী মায়েদের জন্য এই শব্দ দূষণ মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে। জনস্বাস্থ্যের এই ক্ষতি রোধেই মূলত এ অভিযান চালানো হয়েছে। শব্দ দূষণ নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।