প্রকাশিত: / বার পড়া হয়েছে
কার্যক্রম নিষিদ্ধ দলের কেউ কোথাও নাশকতার চেষ্টা করলে তাদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী এবং ফেনী-৩ আসনের সংসদ সদস্য আবদুল আউয়াল মিন্টু। একইসঙ্গে তিনি দলীয় নেতা-কর্মীদের কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে না নেওয়ার জন্য কঠোর নির্দেশনা দিয়েছেন।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে ফেনীর দাগনভূঞা পৌর এলাকায় উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের জ্বালাও-পোড়াও ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে এই কর্মসূচি পালিত হয়। কর্মসূচির শুরুতে উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল ও যুগ্ম আহ্বায়ক গাজী হাবীবউল্লাহ মানিক। এ সময় জেলা, উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির যেকোনো ষড়যন্ত্র ও নৈরাজ্যের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সাধারণ মানুষকে জিম্মি করে কোনো বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করলে তা রাজপথে কঠোরভাবে প্রতিহত করা হবে। পরিশেষে, দেশের শান্তি-শৃঙ্খলা ও গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষায় সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে অনুষ্ঠান সমাপ্তি করেন উপজেলা বিএনপির আহবায়ক আকবর হোসেন।