প্রকাশিত: / বার পড়া হয়েছে
বাইরে ঝকঝকে কাচের দেয়াল আর নিয়ন আলোর ঝলকানি। ভেতরে ঢুকলেই সেবার নামে পকেট কাটার নির্মম মহোৎসব। ফেনী জেলা জুড়ে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর আসল রূপ যেন— ‘উপরে ফিটফাট, ভেতরে সদরঘাট’।
১১৬টি অনুমোদিত প্রতিষ্ঠানের সিংহভাগই এখন উন্নত চিকিৎসার বদলে পরিণত হয়েছে গলাকাটা বাণিজ্যের নিরাপদ উৎসে। ভুল চিকিৎসা, ভূতুড়ে বিল আর ভুয়া প্যাথলজিস্ট-নার্সের কারসাজিতে ফেনীর স্বাস্থ্য খাত এখন চরম ঝুঁকিতে। এখানকার বেশিরভাগ ল্যাবের পরীক্ষার রিপোর্ট ঢাকা বা চট্টগ্রামের চিকিৎসকেরা সরাসরি ‘অচল’ বলে প্রত্যাখ্যান করছেন।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, ফেনীতে বর্তমানে ১১৬টি অনুমোদিত বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে ৬৩টি ডায়াগনস্টিক সেন্টার এবং ৫৩টি বেসরকারি হাসপাতাল। তবে অনুমোদিত এই সংখ্যার বাইরেও কিছু প্রতিষ্ঠান চলছে কোনো রকম বৈধ কাগজপত্র ছাড়াই। খোঁজ নিয়ে জানা গেছে, গত এপ্রিল মাসে জেলা সিভিল সার্জন ও স্বাস্থ্য অধিদপ্তরের যৌথ অভিযানে ৩১টি প্রতিষ্ঠানে তদারকি চালানো হয়। নোংরা পরিবেশ, মানসম্মত অপারেশন থিয়েটার (ওটি) না থাকা এবং মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল বা রি-এজেন্ট ব্যবহার ও ভূল চিকিৎসায় রোগী মৃত্যুর দায়ে, ওয়ান স্টপ মেটারনিটি ক্লিনিক, ডক্টরস ল্যাব এন্ড শাহীন ক্লিনিক, ফেনী নিউরো কেয়ার হসপিটাল, ফেনী মেডিনোভা ডায়াগনস্টিক, গ্রীন ডায়াগনস্টিক, ওয়েলস ডায়াগনস্টিক, মমতা ডায়াগনস্টিক, ফেনী প্রাইভেট হসপিটাল, খিদমাহ ডায়াগনস্টিক, ফেনী কার্ডিয়াক সেন্টার সহ ১৬ টি প্রতিষ্ঠানকে সিলগালা ও বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু অভিযোগ রয়েছে, এক মাস পার হতে না হতেই কোনো এক ‘অদৃশ্য শক্ তির’ ইশারায় কিংবা রাজনৈতিক ও প্রশাসনিক লবিংয়ের জোরে সিলগালা হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠান আবারও প্রকাশ্যে অথবা গোপনে তাদের কার্যক্রম শুরু করেছে।
অনুসন্ধানে দেখা গেছে, অধিকাংশ ডায়াগনস্টিক সেন্টারে নেই কোনো স্থায়ী বা যোগ্য প্যাথলজিস্ট। একজন ডিপ্লোমাধারী প্যাথলজিস্ট একাধারে ৫ থেকে ৭টি সেন্টারের দায়িত্ব সামলাচ্ছেন। অনেক প্রতিষ্ঠানে আবার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ছাড়াই ভুয়া লোক দিয়ে চলছে জটিল সব পরীক্ষা-নিরীক্ষা।
সবচেয়ে ভয়াবহ তথ্য মিলেছে হেমাটোলজি বিভাগে। ল্যাবে না এসেই, পরীক্ষার রিপোর্ট স্বচক্ষে না দেখেই দূর থেকে ‘অটো সাইন’ (ডিজিটাল বা অগ্রিম স্বাক্ষর) করে দিচ্ছেন। ফলে রোগীরা পাচ্ছেন ভুল রিপোর্ট, যা চিকিৎসার নামে ডেকে আনছে চরম বিপর্যয়।
হাসপাতালগুলোতে নার্সিং সেবার মান আরও করুণ। চিকিৎসার মূল স্তম্ভ যেখানে দক্ষ নার্স, সেখানে ফেনীর অধিকাংশ প্রাইভেট হাসপাতালে কাজ করছেন কোনো প্রাতিষ্ঠানিক বা তাত্ত্বিক শিক্ষা না থাকা ভিউ ও অশিক্ষিত সেবক-সেবিকা। অভিজ্ঞতার তকমা দিয়ে কম বেতনে এদের দিয়ে চালানো হচ্ছে ওটি ও পোস্ট-অপারেটিভ ওয়ার্ডের মতো সংবেদনশীল জায়গা। এর ফলে ইনজেকশন পুশ করা থেকে শুরু করে ভুল ওষুধ প্রয়োগ ও ভুল চিকিৎসায় প্রতিনিয়ত ঝরছে সাধারণ মানুষের প্রাণ।
ফেনীর বেসরকারি চিকিৎসা খাতের এই নৈরাজ্য টিকিয়ে রেখেছে এক শক্তিশালী দালাল সিন্ডিকেট। গ্রাম ডাক্তার, ইজিবাইক বা সিএনজি চালক, স্থানীয় ফার্মেসির দোকানদার থেকে শুরু করে কিছু অসাধু লোক এই সিন্ডিকেটের সদস্য। সরকারি হাসপাতাল বা প্রত্যন্ত অঞ্চল থেকে আসা সরল-সোজা রোগীদের ফুসলিয়ে তারা নির্দিষ্ট প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিকে নিয়ে যায়। রোগীভেদে এই দালালরা মোট বিলের ২০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত কমিশন পেয়ে থাকে। এছাড়াও ডাক্তারদের পছন্দের ল্যাবে পরিক্ষা না করালে রিপোর্ট দেখতে গড়িমসি ও নানান কথা শুনতে হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী রোগী ও তাদের স্বজনেরা। দালালদের এই চড়া কমিশন ও মালিকপক্ষের অতি-মুনাফার খেসারত দিতে গিয়ে ভূতুড়ে বিলের যাঁতাকলে পিষ্ট হয়ে গলা কাটছে সাধারণ মানুষের।
সোনাগাজী থেকে আসা ভুক্তভোগী এক রোগীর ভাই, রহমত উল্লাহ বলেন, "ফেনীর এস এস কে রোড়ে এস এ ডায়াগনস্টিক থেকে রক্তের পরীক্ষা করিয়েছিলাম। সেই রিপোর্ট নিয়ে ঢাকা মেডিকেল কলেজে যাওয়ার পর ডাক্তাররা বললেন, এই রিপোর্টের কোনো ভিত্তি নেই, ল্যাবের মান অত্যন্ত খারাপ। বাধ্য হয়ে ঢাকায় আবার পরীক্ষা করতে হয়েছে। আমাদের টাকা আর সময় দুটোই জলে গেল।" গত ১২ এপ্রিল, ফেনী ওয়ান স্টপ মেটারনিটি ক্লিনিকে ডাক্তার নাসরিন আক্তার মুক্তার, ভুল চিকিৎসায় নিহত, নাঈমা আক্তার লিজার স্বজন, আক্ষেপ করে বলেন, "ফেনীর হাসপাতালগুলো একটা কসাইখানা। এরা কি করে ডাক্তার হইছে জানিনা, ভুল অপারেশন করে, আমার রোগীকে মেরে ফেলেছে, বিচার হিসাবে, প্রশাসন প্রতিষ্ঠান সিলগালা করেছে। কয়েকদিন বন্ধ রেখে আবার টাকা খেয়ে হয়ত খুলে দিবে। "এছাড়াও গত ১৬ জুলাই দাগনভূঞা ইউনিক হাসপাতালে ডা: টুম্পা দেবনাথের ভূল অস্ত্রোপাচারে, সীমা রানী নামে ৩৫ বছরের এক প্রসুতির মৃত্যুর অভিযোগ উঠে। এই বিষয়ে ফেনী এস এস কে রোড়ে, এস এ ডায়াগনস্টিক সেন্টারে ডা: টুম্পা দেবনাথের বক্তব্য নিতে গেলে ডায়াগনস্টিক কর্তৃপক্ষ গণমাধ্যম কর্মিদের বাঁধা প্রদান করে। জানা যায় ডা: টুম্পা দেবনাথের এমবিবিএস ও আল্ট্রা ডিপ্লোমা ছাড়া, সিজার বা কোন অপারেশন করার ডিগ্রি বা অনুমোদন নেই। ব্যাবসায়ী মো: ইলিয়াছ জানান, আমার লিভারে পাথর হয়েছিল, ফেনীর কয়েকজন ডাক্তার দেখিয়েছি তারা বিভিন্ন ডায়াগনস্টিকে অনেক পরিক্ষা নীরিক্ষা করিয়েছে, প্রায় ৩ মাস হয়রানি হয়েছি। পরে ইন্ডিয়া গিয়ে অপারেশন করতে হয়েছে। মাঝখানে টাকা ও সময়নষ্ট করে প্রতিকারতো পাইনি বরং অবস্থা সংকটাপন্ন হয়েছিল। তিনি প্রশ্ন করে বলেন, তারা না পারলে প্রথমেই বলে দেয় না কেন?
অনিয়ম, লাইসেন্স নবায়ন, আনসার্টিফাইড, ভূয়া নার্স ও ল্যাব টেকনিশিয়ান বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন ফেনী জেলা শাখার, সদস্য সচিব, হাফিজুর রহমান বলেন, "প্রায় সবগুলো হাসপাতের লাইসেন্স নবায়নের জন্য দেওয়া হয়েছে, কিন্তু প্রশাসনিক জটিলতা, সার্ভার ডাউন ইত্যাদি কারনে লাইসেন্স গুলো হাতে পেতে পেতেই বছর শেষ হয়ে যায়। এছাড়া ফেনীতে ডিপ্লোমা নার্স ও ল্যাব টেকনিশিয়ানের অভাব রয়েছে, কারন এখানে কোন মেডিকেল কলেজ নেই, যদি থাকতো তাহলে সার্টিফাইড, নার্স টেকনিশিয়ান ও ডাক্তারের অভাব হতো না। এখন দূরের জেলা থেকে অনেকে এখানে এসে চাকরি করতে চায় না। যাও আসে সেগুলো প্রয়োজনের তুলনায় অপ্রতুল। তিনি আরো বলেন, আমাদের এসোসিয়েশনে, সকল লাইসেন্স ও স্বাস্থ্য অধিদপ্তরের নীতিমালা যারা সম্পূর্ণ ফলো করে, আমরা তাদেরকেই সদস্য করি। আমাদের সদস্য প্রতিষ্ঠান গুলোর কোন অনিয়ম যদি পান তাহলে তথ্য দিয়ে সহযোগিতা করলে আমরা সংঘঠনের বিধি মোতাবেক ব্যাবস্থা গ্রহন করবো।
অন্যদিকে, ল্যাবে না এসেও ‘অটো সাইন’ (ডিজিটাল স্বাক্ষর) করা এবং ভুল রিপোর্টের বিষয়ে ফেনী ডিডি ল্যাবের ইনচার্জ নিখিল চন্দ্র দাস বলেন, "আমাদের নিজস্ব ও স্থায়ী প্যাথলজিস্ট আছেন। তবে হেমাটোলজি বা বিশেষায়িত কিছু রিপোর্টের জন্য ঢাকা-চট্টগ্রামের বড় ডাক্তারদের ওপর নির্ভর করতে হয়। তারা সবসময় উপস্থিত থাকতে পারেন না বলে মাঝে মাঝে ডিজিটাল সিগনেচার ব্যবহার করতে হয়, তবে সেটা পরীক্ষা সম্পন্ন হওয়ার পরেই করা হয়। ঢাকা-চট্টগ্রামে রিপোর্ট অচল হওয়ার দাবিটি সঠিক নয়, টেকনিক্যাল কারণে দুই ল্যাবের রেজাল্ট সামান্য কম-বেশি হতেই পারে।"
এসব অনিয়ম ও সিলগালা হওয়া প্রতিষ্ঠান পুনরায় চালু হওয়ার বিষয়ে ফেনী জেলা সিভিল সার্জন ডা: আরিফুজ্জামান বলেন,"আমরা প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছি এবং অনিয়ম পেলেই সিলগালা বা জরিমানা করা হচ্ছে। তবে জনবল সংকটের কারণে সার্বক্ষণিক নজরদারি কঠিন হয়ে পড়ে। কোনো প্রতিষ্ঠান যদি সিলগালা করার পর নিয়ম লঙ্ঘন করে আবার গোপনে চালু করে, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। অন্য দিকে কিছু প্রতিষ্ঠান সিলগালা হওয়ার পর যদি শর্ত পূরনে সামর্থ্য হয়, সেক্ষেত্রে তাদের পূনরায় কার্যক্রম পরিচালনারর অনুমতি দেওয়া হয়। চিকিৎসায় গাফিলতি বা ভুয়া, নার্স, প্যাথলজিস্টের বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ পেলে আমরা কাউকেই ছাড় দেব না।"
ফেনীর সাধারণ মানুষের দাবি, লোকদেখানো ক্ষণস্থায়ী অভিযান নয়; বরং এই দালাল সিন্ডিকেট নির্মূল এবং ভুয়া ডাক্তার-নার্সদের সিন্ডিকেট ভেঙে জেলা স্বাস্থ্য খাতকে বাঁচাতে দ্রুত স্থায়ী ও কঠোর পদক্ষেপ নেওয়া হোক।