প্রকাশিত: / বার পড়া হয়েছে
দীর্ঘ ১৮ বছর পর মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আনুষ্ঠানিক কুচকাওয়াজ ও সামরিক সক্ষমতা প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় রাজধানীর তেজগাঁওয়ে পুরাতন বিমানবন্দরের জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজন শুরু হয়।
অভিবাদন মঞ্চ থেকে সালাম গ্রহণ করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পরে সকাল ১০টার দিকে রাষ্ট্রপতি প্যারেডে প্রবেশ করলে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী তারেক রহমান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন ও মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরী।
এর আগে সকাল ৯:৫৫ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান প্যারেডে পৌঁছে স্বাগত গ্রহণ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও তিন বাহিনীর প্রধানদের পক্ষ থেকে। অনুষ্ঠানটিতে মন্ত্রিপরিষদের সদস্য, উচ্চপদস্থ কর্মকর্তা এবং দেশি-বিদেশি অতিথিরা উপস্থিত ছিলেন।
জাতীয় সংগীত পরিবেশনের পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে গার্ড অব অনার প্রদান করা হয় এবং খোলা জিপে তিনি প্যারেড পরিদর্শন করেন। এরপর প্যারাকমান্ডো টিমের প্যারাট্রুপার দল রাষ্ট্রপতিকে সালাম প্রদর্শন করে। এরমধ্যেই আর্মি অ্যাভিয়েশনের বিমান মাথার উপর দিয়ে উড়ে যায়।
পর্যায়ক্রমে আর্মি অ্যাভিয়েশনের বিমান ও হেলিকপ্টার, বিজিবি এয়ার উইং, র্যাব এয়ার উইং, নেভাল অ্যাভিয়েশনসহ বিভিন্ন বাহিনীর বিমান ও হেলিকপ্টার প্রদর্শনীতে অংশ নেয়। এরপর প্যারেডে ধাপে ধাপে আসে ট্যাংক, কামান ও অন্যান ্য যান্ত্রিক বাহন, যা দেশের সামরিক সক্ষমতা প্রদর্শন করে।
কুচকাওয়াজের অন্যতম আকর্ষণ ছিল বিমান বাহিনীর ‘অ্যারোবেটিক শো’। ‘বাংলার আকাশ রাখিব মুক্ত’ প্রতিপাদ্যে যুদ্ধবিমান, প্রশিক্ষণ বিমান ও হেলিকপ্টার বিভিন্ন ফরম্যাশনে উড্ডয়ন কৌশল প্রদর্শন করে। পাঁচটি এফ-সেভেন যুদ্ধবিমান রং ছড়িয়ে প্যারেড গ্রাউন্ড প্রদক্ষিণ করে। এরপর যোগ দেয় মিগ-২৯ যুদ্ধবিমান, যা রাষ্ট্রপতিকে ‘ফ্লাইং স্যালুট’ প্রদর্শন করে। শেষে ‘ভিক্টোরি রোল’ প্রদর্শন করে মিগ-২৯ মেঘের আড়ালে চলে যায়।
কুচকাওয়াজের আনুষ্ঠানিকতা শেষ হয় সকাল ১১:৫৯ মিনিটে। এরপর রাষ্ট্রপতি প্রদর্শনীতে নেতৃত্ব দেওয়া বিভিন্ন বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে হাত মেলেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে বিদায় জানান। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও তাঁর কন্যা জাইমা রহমান কুচকাওয়াজ উপভোগ করেন।
শিশু-কিশোরসহ হাজারো দর্শক জাতীয় প্যারেড স্কয়ারে উপস্থিত হয়ে কুচকাওয়াজ উপভোগ করেন। অনেকের হাতে ও মাথায় দেখা যায় লাল-সবুজের জাতীয় পতাকা।
২০০৮ সালের পর প্রথমবারের মতো ২৬ মার্চের আনুষ্ঠানিকতায় কুচকাওয়াজ ও সামরিক প্রদর্শনী যুক্ত হয়েছে। বর্তমান সরকারের উদ্যোগে স্বাধীনতা দিবসে জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করতে রোজার শুরু থেকেই প্রস্তুতি নেওয়া হয়। চূড়ান্ত মহড়ার মাধ্যমে মঙ্গলবার এর প্রস্তুতি সম্পন্ন হয়।